ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু
দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা গতকাল শনিবার শুরু হয়েছে। একই সঙ্গে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির কার্যক্রমও শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় ক্লাস-পরীক্ষা চালুর এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছর বাসচাপায় ছাত্র নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রায় চার মাস বন্ধ ছিল। গতকাল ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ, কলা অনুষদভুক্ত বি, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত জি, আইন ও শরিয়াহ অনুষদভুক্ত এইচ এবং ফলিত বিজ্ঞান অনুষদভুক্ত ডি ও ই এই সাতটি ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এগুলোর মধ্যে জি ইউনিট বাদে বাকি ইউনিটগুলোর মেধাতালিকায় থাকা অবশিষ্ট শিক্ষার্থীদের সাক্ষাৎকার আজ রোববার অনুষ্ঠিত হবে। জি ইউনিটের অবশিষ্ট শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া, গণিত ও পরিসংখ্যান বিভাগভুক্ত এফ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার আজ রোববার ও কাল সোমবার অনুষ্ঠিত হবে।