ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকারের কার্যালয়ে ঢুকে তাঁর ব্যক্তিগত সহকারী এবং ওই কার্যালয়ের শাখা কর্মকর্তাদের অফিসকক্ষে ভাঙচুর চালিয়েছেন চাকরিপ্রত্যাশী কয়েকজন। ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী ও বহিরাগত কিছু লোক এ ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক উপাচার্যের কার্যালয়ের একজন কর্মচারী জানান, আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান, তৌফিকুর রহমানসহ চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী এবং কয়েকজন বহিরাগত উপাচার্যের কার্যালয়ে ঢোকেন। কিন্তু উপাচার্যকে না পেয়ে তাঁরা সেখানে উপস্থিত কয়েকজন কর্মচারীকে অকথ্য ভাষায় গালাগাল দেন। একপর্যায়ে তাঁরা উপাচার্যের ব্যক্তিগত সহকারী এবং শাখা কর্মকর্তাদের কক্ষের চেয়ার টেবিল এবং কাচ ভাঙচুর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের শাখা কর্মকর্তা মো. পলাশ বলেন, ‘আমি অফিসের প্রয়োজনে কক্ষের বাইরে ছিলাম। বাইরে থেকে আসার পর আমার কক্ষ এবং উপাচার্যের ব্যক্তিগত সহকারী জিল্লুর রহমানের কক্ষে ভাঙচুর দেখতে পাই।’ তবে কে বা কারা করেছেন, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান তাঁর নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, ‘ঈদের ছুটির পর কর্মকর্তা-কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তা এখনো না হওয়ায় চাকরিপ্রত্যাশী বহিরাগত কয়েকজন সেখানে গিয়ে কাউকে না পেয়ে ভাঙচুর করেছে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান বলেন, ‘ভাঙচুরের ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী সম্পৃক্ত নন।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’