ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা
আহ্বায়ক কমিটি নিয়ে ছাত্রলীগের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার দুই পক্ষে উত্তেজনা দেখা দিয়েছে। এর জের ধরে গতকাল মঙ্গলবার উভয় পক্ষের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছেন।গত সোমবার ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত না হওয়ায় সংগঠনের আহ্বায়ক-সমর্থিত পক্ষ ও বিদ্রোহী পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় সংগঠনের বর্তমান আহ্বায়ক কমিটিকে দুর্বল ও অযোগ্য আখ্যায়িত করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বিদ্রোহী পক্ষের নেতা-কর্মীরা। বেলা সোয়া ১১টায় বর্তমান কমিটির আহ্বায়ক শামীম খান ও যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারী গাফ্ফারের নেতৃত্বে একটি পক্ষ মিছিল বের করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।