ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পরিবহন ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পদবঞ্চিত পক্ষের নেতা-কর্মীদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। প্রক্টরের পদত্যাগের আশ্বাসে গতকাল শনিবার থেকে তিন দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়। ফলে গতকাল বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল ও ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরে উপাচার্যের বাস ভবনে গত শুক্রবার রাতে এক বৈঠক হয়। বৈঠকে উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামাল উদ্দিন, পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রক্টর মাহবুবুল আরফিন পদত্যাগের আশ্বাস দেন বলে দাবি করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত পক্ষের নেতা-কর্মীরা। প্রক্টরের এই আশ্বাসে গতকাল থেকে তিন দিনের জন্য তাঁরা ধর্মঘট স্থগিত করেন। এ পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলাচল করেছে এবং ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে গতকাল ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশ শেষে তাঁরা উপাচার্যের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে ছাত্র উপদেষ্টা, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ও পরিবহন প্রশাসকের পদত্যাগ দাবিসহ বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহাঙ্গীর হোসাইন বলেন, প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহনুর আলম কেরামত উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’ পদত্যাগের আশ্বাসের ব্যাপারে জানতে চাওয়া হলে প্রক্টর মাহবুবুল আরফিন প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন যেটা ভালো মনে করবে সেটাই করবে। এখানে আমার কোনো মন্তব্য নেই।’বৈঠকে ছাত্রলীগ নেতাদের উত্থাপিত দাবির ব্যাপারে ছাত্র উপদেষ্টা মো. সাইদুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে।’