ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য-কোষাধ্যক্ষ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রাশিদ আসকারীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক সেলিম তোহা। তাঁরা আগামী চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন।
আজ রোববার বেলা সোয়া তিনটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী (বিশ্ববিদ্যালয়-২) সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।
অধ্যাপক রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সভাপতি ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক সেলিম তোহা এর আগে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান, আইন অনুষদের ডিন, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ প্রথম আলোকে জানান, অধ্যাপক রাশিদ আসকারী রোববার বিকেলেই নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।