নিয়োগ-প্রক্রিয়া নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষের লোকজন গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর চালায়। গত বুধবার রাতে বোমা বিস্ফোরণে শিক্ষকদের বহনকারী একটি বাস পুড়ে যায়। গতকাল ক্যাম্পাসে প্রশাসনিক কাজসহ কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। এ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকালে ঝিনাইদহে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। রাত সাড়ে ১২টার দিকে শিক্ষকদের আবাসিক এলাকার একটি ভবনের সামনে বোমা বিস্ফোরিত হয়। এ সময় আগুন লেগে ওই ভবনের সামনে থাকা শিক্ষকদের বহনকারী বাস পুড়ে যায়। খবর পেয়ে রাত একটার দিকে ঝিনাইদহের শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এটি পেট্রলবোমা হতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন।কতিপয় দুর্বৃত্ত গতকাল সকালে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় থেকে বিশ্ববিদ্যালয়গামী বাস যেতে বাধা দেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চাকরিবঞ্চিত ও ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এর মধ্যে টিএসসির কার্যালয়, প্রশাসন ভবনের তিনটি কক্ষ, প্রকৌশল কার্যালয় ও চিকিৎসাকেন্দ্রের কার্যালয় রয়েছে। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামানের নেতৃত্বে চাকরিবঞ্চিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ও বহিরাগত লোকজন মিছিল বের করে। বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার কর্মকর্তা রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষক ও ছাত্রছাত্রী বহনকারী কোনো গাড়ি ক্যাম্পাসে না যাওয়ায় প্রশাসনিক কার্যক্রম ও ক্লাস পরীক্ষা হয়নি। গাড়ি ভাঙচুর ও পোড়ানোর ঘটনায় গাড়ির চালকেরা নিরাপত্তাহীনতায় আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সাদ্দাম হলের এক ছাত্র জানান, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে ছাত্রলীগের সঙ্গে উপাচার্যের বিরোধ চলছে। পছন্দের প্রার্থী ও কোটা বেশি না পাওয়ায় ক্যাম্পাসে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ নিয়ে হলে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন। আরেক শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসে উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টররা বিশ্ববিদ্যালয়ে থাকেন না। আমরা নিরাপত্তাহীনতায় থাকি।’তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান নিয়োগসংক্রান্ত কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি দাবি করেন, গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এটা স্পষ্ট যে নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে অচলাবস্থা দেখা দিয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলী বলেন, ‘নিয়োগ থেকে বঞ্চিত হওয়ায় একদল বহিরাগত ক্যাম্পাসে ভাঙচুর করছে।’ উপাচার্য এম আলাউদ্দিন বলেন, মেধা, যোগ্যতা ও দলীয় আদর্শের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কিছু নামধারী নেতা-কর্মী ও বহিরাগতদের প্রত্যাশা অনুযায়ী চাকরি না হওয়ায় তারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে।