ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসহ কার্যক্রম বন্ধ
চাকরির দাবিতে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের আন্দোলনে গতকাল মঙ্গলবারও বন্ধ ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। এর আগে একই দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ছাড়া অর্থনীতি বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চাকরিপ্রত্যাশীরা প্রশাসনিক ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে সব কটি কার্যালয় ও গেটে তালা ঝুলিয়ে দেন। গতকাল দুপুরে ভবনের উত্তর দিকের কলাপসিবল গেটের তালা ভেঙে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ঢোকার পথ করে দেন চাকরিপ্রত্যাশীরা। পরে আবার সেখানে তালা লাগিয়ে দেন।
এদিকে প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকার কারণে উপাচার্য আবদুল হাকিম সরকার, সহ-উপাচার্য শাহিনুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীদের কেউই অফিস করতে পারেননি। এ সময় অনেক কর্মকর্তা-কর্মচারীকে ভবনের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।
পরিবহন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চলাচল বন্ধ ছিল। গতকাল কোনো বাস কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসে না আসায় শিক্ষার্থীরা আসতে পারেননি। ফলে কয়েকটি বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে অর্থনীতি বিভাগের শিক্ষক নিয়োগে পূর্বনির্ধারিত বোর্ড গতকাল স্থগিত করা হয়। চাকরিপ্রত্যাশীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবরোধ করায় কোনো প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য যেতে পারেননি।
ছাত্রলীগের সাবেক নেতা ও চাকরিপ্রত্যাশী আশিকুর রহমান বলেন, ‘চাকরির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা দীর্ঘদিন থেকেই আমাদের বিভিন্নভাবে আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু বাস্তবে কোনো ফল দেখছি না। সুনির্দিষ্ট কোনো ফল না আসা পর্যন্ত আন্দোলন চলবে।’
উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘ইউজিসির পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক করার ব্যাপারে আমাদের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’