ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট ফেয়ার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে দুই দিনব্যাপী প্রজেক্ট ফেয়ার (মেলা) শুরু হয়েছে। গতকাল বুধবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী।
ফলিত পদার্থ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মানজারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন শামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক নাসিরুদ্দীন খান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফলিত পদার্থ বিভাগে শিক্ষার্থীদের উদ্ভাবিত হোম মেইড এয়ারকুলার, ওয়ার্কিং রোবট, অটোমেটিক সান ট্র্যাকিং সোলার প্যানেল, মাইক্রোকন্ট্রোলার বেইজড অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোল, মোবাইল কন্ট্রোল স্পাই রোবট, এমসি বেইজড গ্রিন হোম, লাইন ফলোয়ার রোবট, ইন্টেলিজেন্ট হোম সিকিউরিটি সিস্টেম, এমসি বেইজড অবসটাকল রিমুভিং রোবটসহ সর্বমোট ৫২টি প্রজেক্ট প্রদর্শিত হয়।
এসব উদ্ভাবন পরিদর্শনের পর উপাচার্য রাশিদ আসকারী বলেন, ‘এই খুদে বিজ্ঞানীরা সুযোগ পেলে বিস্ময়কর সব উদ্ভাবন দিয়ে শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের সুনাম অর্জন করতে সমর্থ হবেন। এই প্রজেক্টগুলো বাস্তবে রূপ নিলে আমাদের সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন উদ্ভাবনের সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি সেন্ট্রাল ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দেন।