ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা গতকাল শনিবার শুরু হয়েছে। হরতাল থাকায় আজ ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পরীক্ষাগুলো ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। আগামীকাল সোমবার সি ও এফ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল এ এবং এইচ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার হলগুলো পরিদর্শন করে দেখা গেছে, এ ইউনিটে আবেদনকারীর তুলনায় পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল শতকরা ৬০ ভাগ। এইচ ইউনিটের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল শতকরা ৮০ ভাগ।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ সব কার্যক্রম যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’ভর্তি পরীক্ষা গত বছরের ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষকদের আন্দোলনের কারণে তখন তা স্থগিত হয়ে যায়।