ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি ছাত্রসংগঠনের মধ্যে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়।প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রসংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বহিরাগত কাউকে ক্যাম্পাসে দেখা গেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই এ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি ছিল। বিশৃঙ্খলা সৃষ্টি ও ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত শতাধিকবার ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু কোনোবারই সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। এর মধ্য দিয়েই ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চলেছে।বর্তমান সরকারের গত তিন বছরে আট-নয়বার ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল।ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং প্রত্যাহার না করা সত্ত্বেও ছাত্রসংগঠনগুলো কীভাবে তাদের কর্মকাণ্ড চালিয়েছে, এমন প্রশ্নের জবাবে উপাচার্য এম আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে যারা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে কমিটি গঠন করে তদন্ত করে দেখা হচ্ছে।’ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও ছাত্রশিবিরের নেতারা প্রশাসনের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।