ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতিতে বিএনপি সমর্থকদের জয়
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেলের শিক্ষকেরা ১১টি পদে জয়লাভ করেছেন। বাকি চারটি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের শিক্ষকেরা জয় পেয়েছেন।
নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেল থেকে অধ্যাপক মিজানুর রহমান সভাপতি ও আওয়ামী লীগ-সমর্থিত অধ্যাপক এ এইচ এম আক্তারুল ইসলাম মসাধারণ সম্পাদক হয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, সভাপতি পদে মিজানুর রহমান ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ এইচ এম আক্তারুল ইসলাম। এ ছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে আহসান উল্লাহ সহসভাপতি, মোস্তাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মাহবুবুর রহমান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের নির্বাচিত সদস্যরা হলেন শামসুল আলম, এস এম মোস্তফা কামাল, মেহের আলী।
অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের নির্বাচিত সদস্যরা হলেন—মোহা. মিজানুর রহমান, মো. শহীদুল ইসলাম নুরী, মো. রাশিদুজ্জামান, মমতাজুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. মহিব্বুল ইসলাম, মো. ময়নুল হক।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৫৯ শিক্ষক ভোটার হিসেবে থাকলেও ভোট দিয়েছেন মোট ৩২৫ জন শিক্ষক। পরে সন্ধ্যা সোয়া সাতটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কাজী আখতার হোসেন।