ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
মেয়াদ শেষ হওয়ার আগেই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকারকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় উপাচার্যকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩১ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের দশম উপাচার্য হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আবদুল হাকিম সরকার। তাঁকে চার বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি। সেই হিসাবে চলতি বছরের ৩০ ডিসেম্বর উপাচার্য হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারকে অব্যাহতি দেওয়ার ফ্যাক্স বার্তা এসেছে, তবে ওই পদে কাউকে নিয়োগ দেওয়ার ব্যাপারে ফ্যাক্স বার্তায় কিছু উল্লেখ করা হয়নি।’