ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাড়িতে সন্ত্রাসীদের হামলা, দুজন আহত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের গাড়িসহ বিশ্ববিদ্যালয়ের এক গাড়িবহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় একজন শিক্ষকসহ দুজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরে এ ধরনের হামলার ঘটনা ঘটে চলেছে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, রেজিস্ট্রারসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী কয়েকটি গাড়ি ক্যাম্পাস থেকে শহরে যাচ্ছিল। ক্যাম্পাস থেকে বের হওয়ার কয়েক মিনিট পর গাড়িবহরটি শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে বেশ কয়েকজন সন্ত্রাসী তা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন সহ-উপাচার্যের গাড়িতে থাকা বাংলা বিভাগের শিক্ষক সরওয়ার মুর্শেদ ও বাসে থাকা শাহীনা আক্তার। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম বলেন, ‘আমি নিজেও ওই গাড়িবহরে ছিলাম। হঠাৎ পুলিশের এক কর্মকর্তা বললেন, “রাস্তায় সমস্যা আছে, গাড়ি থামাতে হবে।” এর কয়েক মিনিটের মধ্যে গামছা দিয়ে মুখ ঢাকা কয়েকজন যুবক আমাদের লক্ষ্য করে ইট ছুড়ে পালিয়ে যায়।’ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন পুলিশের সামনে হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘ঝোপঝাড় থেকে কে বা কারা কয়েকটি ইট ছুড়ে পালিয়ে গেছে।’এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ পথের পরিবহন ধর্মঘট শনিবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে। কিন্তু নিরাপত্তা-ঝুঁকির কারণে বিশ্ববিদ্যালয়ের ভাড়া নেওয়া গাড়িগুলো এখনো ক্যাম্পাসে যাতায়াত করছে না। এতে গতকালও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি।