ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডাকা লাগাতার ধর্মঘটের প্রথম দিনে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা পাঁচটি বাস ভাঙচুর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
কয়েক দফা দাবিতে গতকাল থেকেই ধর্মঘটের ডাক দেন তাঁরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ায় তাঁরা বিকেলেই ধর্মঘট প্রত্যাহার করে নেন।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ও কর্মী মুত্তাকীন রহমানের মুক্তির দাবিতে ২৬ মার্চ লাগাতার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
গতকাল সকাল আটটার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে আসার পথে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় দুটি এবং সকাল নয়টায় ক্যাম্পাস থেকে ঝিনাইদহে যাওয়ার পথে ঝিনাইদহের আমতলা এলাকায় তিনটি বাস ভাঙচুর করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
জানা গেছে, ধর্মঘটের কারণে ঝিনাইদহ শহরের বাসগুলো প্রায় দেড় ঘণ্টা দেরিতে ক্যাম্পাসে পৌঁছায়।
ফলে বেশির ভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে না পারায় অধিকাংশ বিভাগে ক্লাস ও পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় বিকেলে ধর্মঘট প্রত্যাহার করে নেয় ছাত্রদল।