হল ছাড়ছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর কর্তৃপক্ষের নির্দেশে আবাসিক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজ থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের বাসভবনে গতকাল রাত নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালু এবং আবাসিক হল খুলে দেওয়া হবে।

সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ক্যাম্পাস খোলার পর প্রতিবেদন দিতে সিন্ডিকেট সভায় নির্দেশ দেওয়া হয়েছে।

উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন। গুলিবিদ্ধ হন ছাত্রলীগের পাঁচ কর্মী। পুলিশি হামলার প্রতিবাদে ছাত্রলীগ আজ থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে কলা অনুষদের সামনে থেকে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। তখন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এতে বাধা দেন। এ নিয়ে শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে প্রক্টরের কথা-কাটাকাটি হয়। প্রক্টর মিছিলের অনুমতি না দিয়ে শিবিরের ব্যানার কেড়ে নেন। এরপর শিবিরের নেতা-কর্মীরা ব্যানার ছাড়াই পৌনে ১২টার দিকে মিছিল বের করেন। তাঁরা বিভিন্ন সড়ক ঘুরে ক্যাম্পাস ছেড়ে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শিবিরের মিছিল চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের দলীয় টেন্টে অবস্থান করছিলেন। শিবিরের মিছিল শেষে ছাত্রলীগের কর্মীরা পাল্টা মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বাসে ভাঙচুর চালান কর্মীরা। পরে প্রশাসন ভবনের সামনে এসে সেখানেও বিশ্ববিদ্যালয়ের একমাত্র দ্বিতল বাসটিসহ আরও একটি বাসে ভাঙচুর চালানো হয়। এরপর ছাত্রলীগের কর্মীরা অনুষদ ভবনে গিয়ে প্রক্টরের কার্যালয় ভাঙচুর করেন। ডায়না চত্বরের পাশে উপাচার্য ও সহ-উপাচার্যের গাড়িতেও ইট-পাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়।

উপাচার্য ও সহ-উপাচার্য তখন টিএসসিসি মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগদান শেষে প্রশাসন ভবনের দিকে যাচ্ছিলেন। উপাচার্যের গাড়ি দ্রুত স্থান ত্যাগ করতে পারলেও সহ-উপাচার্যের গাড়ি পেছনে ফিরে যেতে বাধ্য হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগের কর্মীরা উপাচার্য ও সহ-উপাচার্যের গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। তখন ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি হয়।

এর কিছুক্ষণ পর ছাত্রলীগের কর্মীরা ডায়না চত্বর থেকে চলে এসে প্রশাসন ভবনের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর চড়াও হন এবং তাঁদের মারধর করেন। এতে পুলিশের সাত সদস্য আহত হন।

এ সময় বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা লাঠিপেটা শুরু করেন এবং ৮-১০টি গুলি ছোড়েন। এতে ছাত্রলীগের ১৩ জন নেতা-কর্মী আহত হন। গুলিবিদ্ধ হন পাঁচজন। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা প্রশাসন ভবনের ভেতর দিয়ে পালিয়ে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ছাত্রলীগের গুলিবিদ্ধ কর্মীদের বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা শেষে কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদেরও বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।