ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মুখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনকে অব্যাহতি দেওয়ার পাঁচ দিনের মাথায় গতকাল মঙ্গলবার সহ-উপাচার্য কামাল উদ্দিনকেও অব্যাহতি দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এ বিষয়ে অনুমোদন দিয়েছেন।শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিকতার জন্য আজ বুধবার প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। ওই কর্মকর্তা বলেন, আপাতত সেখানে সহ-উপাচার্য দেওয়া হবে না। এর আগে গত ২৭ ডিসেম্বর উপাচার্যের পদ থেকে আলাউদ্দিনকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আবদুল হাকিম সরকারকে।ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১১২ জনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠে। ওই নিয়োগকে কেন্দ্র করে গত সেপ্টেম্বর মাস থেকে নানামুখী আন্দোলন শুরু হয়। উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ এম শাহজাহান আলীকে অপসারণের দাবিতে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। এতে করে বিশ্ববিদ্যালয়টির সার্বিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাও এখনো হয়নি।