ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'এইচ' ও 'সি' ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিট এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ‘এইচ’ ইউনিটের ফলাফল এবং বেলা দেড়টার দিকে ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত একটি শিফটে ‘এইচ’ ইউনিটের এবং বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনটি শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘এইচ’ ইউনিটের অধীনে আইন ও আল-ফিকহ এ দুটি বিভাগের মোট ১৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ‘সি’ ইউনিটের অধীনে লোকপ্রশাসন, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান—এ তিনটি বিভাগের মোট ২২৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‘এইচ’ ইউনিটে পরীক্ষার্থীদের উপস্থিতির হার মোট আবেদনকারীর শতকরা ৭৮.৫৬ ভাগ ও সি ইউনিটে শতকরা ৭৪ ভাগ। ‘এইচ’ ইউনিটে পৃথকভাবে আইন বিভাগে পাসের হার শতকরা ৩৯.৬৫ ভাগ এবং আল-ফিকহ বিভাগে পাসের হার শতকরা ৮৮.৯১ ভাগ। এ ছাড়া ‘সি’ ইউনিটে পাসের হার শতকরা ৪৫ ভাগ। উভয় ইউনিটের ফলাফল সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের বাইরে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া এই ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।