ইসলামী ব্যাংকের অনুদান নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে অনুদান নেওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তবে একই দিনে বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইসলামী ব্যাংকের টাকায় জাতীয় সংগীত হবে না। এই টাকা ফিরিয়ে দেওয়া উচিত।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্তির জন্য ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত। তিন লাখের বেশি মানুষ এতে সরাসরি অংশ নেবেন। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংক-বিমা এই অনুষ্ঠানের জন্য অনুদান দিচ্ছে। ইসলামী ব্যাংকও অনুদান দিয়েছে বলে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা হচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সংস্কৃতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এটা ঠিক নয়। কারণ, আমরা এ ব্যাপারে প্রথম যে সভাটি ডাকি ব্যাংকারদের নিয়ে, সেখানে কিন্তু আমরা যে ব্যাংকটি নিয়ে কথা উঠেছে, সেই ব্যাংকের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাইনি। দ্বিতীয় কথা হলো, প্রধানমন্ত্রীর হাতে যখন বিভিন্ন প্রতিষ্ঠান চেক তুলে দেয়, তখন ইসলামী ব্যাংকের চেক সেখানে ছিল সম্ভবত, আমি নিশ্চিত নই। কিন্তু “লাখো কণ্ঠে সোনার বাংলা তহবিলে” ইসলামী ব্যাংকের কোনো চেক গ্রহণ করা হয়নি। এটি একশ ভাগ নিশ্চিত। কেউ প্রয়োজন মনে করলে “লাখো কণ্ঠে সোনার বাংলা তহবিলের” হিসাব যাচাই করে দেখতে পারেন।’
আরেক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘জাতীয় সংগীতের বিষয়টি আমাদের আবেগ ও দেশপ্রেমের সঙ্গে যুক্ত। বিশ্বকাপ ক্রিকেটের সময় ইসলামী ব্যাংক স্পনসর করেছিল। তখন সমালোচনা হয়েছিল। সেই বিষয়গুলো মাথায় রেখে এখানে বিতর্কের জন্ম দিতে চাইনি।’
সংবাদ ব্রিফিংয়ে জাতীয় সংগীত পরিবেশনের বিভিন্ন প্রস্তুতির চিত্র তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, লাখো কণ্ঠে জাতীয় সংগীত শুরু হবে বেলা ১১টায়। প্যারেড গ্রাউন্ডের প্রবেশদ্বার খোলা হবে ভোর সাড়ে ছয়টায়। ১০৭টি প্রবেশপথে গণনা হয়ে যাবে কতজন প্রবেশ করছেন। গিনেস বুকের নির্ধারিত পর্যবেক্ষকেরা দেখবেন সবাই গাইছেন কি না। অংশগ্রহণকারীদের মধ্যে যদি শতকরা পাঁচ ভাগ লোকও গানে কণ্ঠ না মেলান, তবে আয়োজনটি রেকর্ডের জন্য বিবেচিত হবে না। মোট তিনবার গানটি গাওয়ার সুযোগ পাওয়া যাবে।