ইসলামী ব্যাংকের এক পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএমডি নিয়োগে অনিয়ম ও অডিট আপত্তি নিষ্পত্তিতে প্রভাব খাটানোসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এন আর এম বোরহান উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সামছুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে বোরহান উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দুদক তাঁকে হয়রানি করছে।

দুদক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদনের ভিত্তিতে বোরহান উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই প্রতিবেদনে দেখা যায়, বোরহান উদ্দিনের তিন ব্যাংকের পাঁচটি হিসাবে প্রায় ৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শাহজালাল ইসলামি ব্যাংকের দুটি, আইসিবি ইসলামি ব্যাংকের একটি ও ইসলামি ব্যাংক বাংলাদেশের দুটি হিসাবে ওই লেনদেন হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্যাংকটির সাবেক ডিএমডি নুরুল ইসলামের ব্যাংক হিসাব থেকেও বোরহান উদ্দিনের হিসাবে টাকা জমা হয়েছে। নুরুল ইসলামকে নিয়োগের আগে ওই টাকা জমা হওয়ায় প্রতিবেদনে বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় সহায়তা করার জন্যই ওই টাকা দেওয়া হয়। এ ছাড়া ইসলামী ব্যাংকের চট্টগ্রামের আন্দরকিল্লা শাখার ব্যবস্থাপকের হিসাব থেকেও বোরহান উদ্দিনের ব্যাংক হিসাবে টাকা জমার কথা প্রতিবেদনে তুলে ধরা হয়। ধারণা করা হচ্ছে, ব্যাংকের ওই শাখার অডিট আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে ভূমিকার রাখার জন্য ওই টাকা জমা দেওয়া হয়।

বিএফআইইউ থেকে আসা ৭৩ পাতার অভিযোগ যাচাই-বাছাই শেষে চলতি মাসে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন অনুসন্ধান কাজ তদারকি করছেন।