ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়ার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ওই অনুদান ফেরত দেওয়া এবং ভবিষ্যতে স্বাধীনতাবিরোধীদের কাছ থেকে আর কোনো সহায়তা না নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ এবং তাদের সব সম্পদ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, সহসভাপতি মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ‘২৬ মার্চ লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার যে উদ্যোগ, সেটি আনন্দের। এমন আয়োজনে সরকারি-বেসরকারি আর্থিক সহায়তার প্রয়োজন, সেটা আমরা বুঝি। কিন্তু ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত জাতীয় সংগীত গাওয়ার মহতী এই অনুষ্ঠান সফল করার জন্য স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ভীষণভাবে বিস্মিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে হত্যার পর জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন সামরিক শাসক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এর কুফল হিসেবে জামায়াত আজও রাজনীতি করছে এবং তাদের অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দেশের স্বাধীনতার চেতনার পক্ষের মানুষ জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার। একই সঙ্গে আমরা জামায়াতের সব সম্পদ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে রাষ্ট্রের জিম্মায় নেওয়ার দাবি জানিয়ে আসছি। আমরা অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি।