‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের টাকা নিচ্ছে না সরকার। অর্থ মন্ত্রণালয় গতকাল রোববার না নেওয়ার কারণ ব্যাখ্যা করে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব অরিজিৎ চৌধুরী স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-২০ বাংলাদেশ ২০১৪’ এবং ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য বেসরকারি খাতকে তাদের ইচ্ছা অনুযায়ী অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এতে সবাই সহায়তার হাত বাড়ালে তাদের বলা হয় যে দুই উদ্যোগের জন্য ৯০ কোটি টাকা দরকার এবং তারা ইচ্ছামতো একটি বা দুটিতেই অংশ নিতে পারে। সে অনুযায়ী তাদের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ওই সময় উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত সহায়তার সমন্বয় করতে গিয়ে দেখা যায় ইসলামী ব্যাংক ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য তিন কোটি টাকা দিয়েছে। এই পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয় ইসলামী ব্যাংকের টাকা নিতে অস্বীকৃতি জানায়।
বিবৃতিতে বলা হয়, ইসলামী ব্যাংকের সহায়তা ‘আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-২০ বাংলাদেশ ২০১৪’-তে দিতে পারে অথবা কোথাও না-ও দিতে পারে। ইসলামী ব্যাংক আইনগতভাবে একটি নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠান এবং তারা এ দেশে তাদের কার্যক্রম আইনগতভাবে চালিয়ে যাচ্ছে। তাদের সম্বন্ধে কারও কারও তেমন ভালো ধারণা নেই এবং তাদের সহায়তা গ্রহণে আগেও অনেক প্রতিষ্ঠান অস্বীকৃতি জানিয়েছে। তাই দ্ব্যর্থহীনভাবে বলা যেতে পারে যে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের সহায়তা নেওয়া হচ্ছে না।
গত কয়েক দিন ধরে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠান আয়োজনে ইসলামী ব্যাংকের অর্থ সহায়তা বিষয়ে সামাজিক মাধ্যমগুলোসহ বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।