ইসলামী ব্যাংকের নয় কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।

এঁরা হলেন ব্যাংকটির কারওয়ান বাজার শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে বরখাস্ত) মো. নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) কাজী মঈনুদ্দিন খাদেম, ভিপি মো. মিজানুর রহমান ভূঁইয়া, এভিপি মুসলেহ উদ্দিন, এভিপি মো. আলিমুর রহমান, এভিপি আবুল কালাম আজাদ, এভিপি মো. মনির হোসেন, অফিসার এ কে এম বোরহান উদ্দিন ও ঢাকা সেন্ট্রাল জোনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আবুল কাশেম।

আনন্দ শিপইয়ার্ডকে ইসলামী ব্যাংক থেকে ৪৫৬ কোটি ৩৪ লাখ টাকার ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটির ২৬ কর্মকর্তার প্রত্যক্ষ, পরোক্ষ ভূমিকা বা কোনো না কোনোভাবে দায়-দায়িত্ব ছিল বলে দুদকের অনুসন্ধান দল মনে করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ২৬ কর্মকর্তাকে তলব করে ৬ নভেম্বর নোটিশ পাঠানো হয়।

আগামীকাল বৃহস্পতিবার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানসহ প্রধান কার্যালয়ের ১৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ছাড়া ১৬ নভেম্বর কারওয়ান বাজার শাখার চার কর্মকর্তা বৈদেশিক বাণিজ্য প্রধান গিয়াস উদ্দিন আহমেদ, ভিপি আবু সুফিয়ান, এভিপি মনির হোসেন ও এসপিও আহমেদ আলীকে জিজ্ঞাসাবাদ করার কথা।

দুদক সূত্রে জানা যায়, জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জাল-জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।

এ বিষয়ে অভিযোগ আমলে নিয়ে চলতি বছরের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক। তবে এমডিসহ কর্মকর্তাদের দুদকে তলব করার বিষয়ে ওই দিন (৬ নভেম্বর) ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গণমাধ্যমে পাঠানো বক্তব্যে দাবি করেছে, ব্যাংকিং নিয়মাচার মেনেই আনন্দ শিপইয়ার্ডকে বিনিয়োগের সুবিধা (ঋণ) দেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিক ও সহায়ক জামানত নেওয়া হয়েছে।