ইসলামী ব্যাংকের পরিচালক বোরহানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এন আর এম বোরহান উদ্দিনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সামছুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন। ৎ

বোরহান উদ্দিনের বিরুদ্ধে মামলার এজাহারে অভিযোগ হিসেবে ‘সন্দেহজনক লেনদেন, অবৈধভাবে অর্জিত আয় দেশি-বিদেশি মুদ্রায় পাচার করার’ কথা উল্লেখ করা হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২), (৩) ধারায় মামলাটি করা হয়েছে।

এর আগে ডিএমডি নিয়োগে অনিয়ম ও অডিট আপত্তি নিষ্পত্তিতে প্রভাব খাটানোসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এন আর এম বোরহান উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গত ১৭ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সামছুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে বোরহান উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দুদক তাঁকে হয়রানি করছে।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদনের ভিত্তিতে বোরহান উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই প্রতিবেদনে দেখা যায়, বোরহান উদ্দিনের তিন ব্যাংকের পাঁচটি হিসাবে প্রায় ৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শাহজালাল ইসলামি ব্যাংকের দুটি, আইসিবি ইসলামি ব্যাংকের একটি ও ইসলামি ব্যাংক বাংলাদেশের দুটি হিসাবে ওই লেনদেন হয়েছে।

আরও পড়ুন