ইসলামী ব্যাংকের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংকের লভ্যাংশ জঙ্গিবাদে ব্যবহূত হচ্ছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।গত মঙ্গলবার রাতে সংবাদপত্রে পাঠানো ব্যাখ্যায় বলা হয়, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কখনোই জঙ্গি অর্থায়ন করেনি। ব্যাংকের বুকস অব অ্যাকাউন্স এবং বার্ষিক প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত ও স্বচ্ছ। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নিয়মিত অন্যান্য ব্যাংকের মতো ইসলামী ব্যাংকে নিরীক্ষা সম্পন্ন করে। এই ব্যাংক সম্পর্কে কোনো দায়িত্বশীল ব্যক্তি বা মহলের তথ্যবিহীন ও সম্পূর্ণ অনুমাননির্ভর বক্তব্য জনমনে বিভ্রান্তি ও উৎকণ্ঠা সৃষ্টি করতে পারে, যা ব্যাংকিং খাতসহ জাতীয় অর্থনীতিতে বড় ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যাংক কর্তৃপক্ষ তাই এ ধরনের ‘ভিত্তিহীন’ বক্তব্য প্রদানে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে।প্রসঙ্গত, গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ নিয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ইসলামী ব্যাংক যে মুনাফা করছে, তার একটি বড় অংশ জঙ্গিবাদে ব্যবহূত হচ্ছে। এ খবর ওই দিন বিভিন্ন টেলিভিশনের খবরে ও পরদিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।