ইসলামী ব্যাংক যে মুনাফা করছে, তার একটি বড় অংশ জঙ্গিবাদে ব্যবহূত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, ইসলামী ব্যাংক যে মুনাফা পেয়ে থাকে, তার ৮ শতাংশ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে স্থানান্তর করে। আর ২ শতাংশ ব্যাংকে জমা রাখে। ইসলামী ব্যাংককে তাদের ব্যয়ের হিসাব স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের জাকাত ফান্ডের টাকা আট দফায় ব্যয় করার কথা থাকলেও তা ১৬ দফায় ব্যয় করেছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।গতকালের বৈঠক সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিরা যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে সদস্য সংগ্রহ এবং মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।” স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা বাড়ানো ও জনগণকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। তা দেশের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে। এ ছাড়া জুমার নামাজের আগে মসজিদের ইমামরা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের কুফল সম্পর্কে আলোচনা করবেন। ইসলামিক ফাউন্ডেশন জঙ্গিবাদ রোধে সচেতনতা বাড়াতে প্রচারপত্র তৈরি করেছে বলে তিনি জানান।