ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: প্রথম আলো
চাঁদপুরের কচুয়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: প্রথম আলো

বিরোধী দলের নতুন করে হরতাল, অবরোধ কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, কোনো গোষ্ঠী বা দল আইনের বাইরে কোনো পদক্ষেপ নিলে ছাড় দেওয়া হবে না। আজ বুধবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাচার বাজারের কামাল টাওয়ারে ইসলামী ব্যাংকের ২৭৭তম শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী এর আগে ব্যাংক উদ্বোধনকালে বলেন, ‘ইসলামী ব্যাংক কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। এই ব্যাংক সকলের। তাই ইসলামী ব্যাংকের প্রতি সরকার সেই সদিচ্ছা দেখিয়েছে, তা আপনারাও দেখাবেন। সাচার ও কচুয়াকে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমি বদ্ধপরিকর। সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে প্রত্যন্ত এলাকায় ব্যাংক স্থাপন করছে।’ ব্যাংকের কার্যকরী কমিটির চেয়ারম্যান মো. ইসকান্দার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর, কচুয়া উপজেলার চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননাহার ভূঁইয়া, সাচার বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন তালুকদার প্রমুখ।