ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আবু নসরসহ তিনজনের বিরুদ্ধে ৮১ লাখ টাকা জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলার অন্য আসামিরা হলেন: মেসার্স ঢাকা ট্যাগ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান ও ওই প্রতিষ্ঠানের সাবেক পরিচালক মো. ইলিয়াস।গতকাল রোববার বিকেলে রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন।মামলার এজাহারে বলা হয়েছে, মেসার্স ঢাকা ট্যাগ লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ও পরিচালক মোহাম্মদ ইলিয়াস, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মতিঝিল শাখার তৎকালীন ব্যবস্থাপক সৈয়দ আবু নসরের যোগসাজশে সুরাইয়া আখতারের মালিকানাধীন ৪৬ শতাংশ জমির জাল দলিল তৈরি করে এবং অন্য এক মহিলাকে সুরাইয়া আখতার সাজিয়ে মেসার্স ঢাকা ট্যাগ প্রতিষ্ঠানের অনুকূলে ওই জমির ভুয়া দলিল বন্ধক রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা থেকে পরস্পরের যোগসাজশে ৮১ লাখ টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন।