ইসলামী শাসনতন্ত্রের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরে গতকাল বৃহস্পতিবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। এ সময় ২১ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন প্রণয়নের চেষ্টা করছে—এ অভিযোগ তুলে এর প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মীরা বিকেলে শহরের জহিরিয়া মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় পুলিশ লাঠিপেটা শুরু করে। তখন পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।ইট-পাটকেলের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের লাঠিপেটায় পথচারীসহ আহত হন ১০-১২ জন। সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পর একই এলাকায় আবারও মিছিল বের করার চেষ্টা করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মীরা। আবারও পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় আরও অন্তত ১০ জন আহত হন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করে।