ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলামের নামে পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গিবাদের উত্থানের যে কথা বলা হয়, তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এতে সন্দেহেরও কোনো অবকাশ নেই। গতকাল বৃহস্পতিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইমাম সমাবেশে বক্তারা এ কথা বলেন।রাজশাহী জেলা প্রশাসক ও বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে ইমামদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতির রাজশাহী শাখার আহ্বায়ক মুহাম্মদ বারকুল্লাহ বিন দুরুল হুদা। বারকুল্লাহ বলেন, ইসলাম শান্তির ধর্ম। শান্তির স্থলে যেকোনো ধরনের ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি বা এ ধরনের কোনো প্রয়াস ইসলামে কাম্য নয়। তিনি তাঁর বক্তব্যে কোরআন ও হাদিসের আলোকে জঙ্গিবাদ ও জিহাদ, মহানবী (সা.)-এর যুদ্ধনীতি, জঙ্গিবাদ দমনে করণীয়, জঙ্গিবাদ দমনে ইমামদের ভূমিকার বিস্তারিত ব্যাখ্যা দেন। বারকুল্লাহ বলেন, ‘আমাদের দেশের মানুষ ধর্মভীরু। ধর্মীয় আবরণ দেখে সাধারণ মানুষ অনেক সময় অজান্তেই তাতে সমর্থন দেয়। বিগত সরকারের সময় এ অঞ্চলের মানুষ জঙ্গিবাদের ক্ষেত্রে এমন ঘটনা প্রত্যক্ষ করেছে। কিন্তু ২০০৫ সালের অক্টোবর মাসে ইমামরা যখন কথাটি জনগণকে বোঝাতে সক্ষম হন যে জঙ্গিবাদ কোনো ইসলামি কর্মকাণ্ড নয়, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, তখন সাধারণ মানুষের সমর্থন হারিয়ে জেএমবির সদস্যরা একে একে ধরা পড়তে থাকে।’ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ইমামদের উদ্দেশে বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জনমত তৈরি করে সবাইকে সচেতন করার ব্যাপারে আপনাদের দায়িত্ব অপরিসীম। আজকে সেই দায়িত্ব অর্পণ করতেই এখানে এসেছি।’ তিনি বলেন, ‘আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে যুদ্ধাপরাধী এবং মাদককে না বলতে পারি, তাহলেই একটি সুন্দর দেশ উপহার দেওয়া সম্ভব।’ জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ ফজলে হোসেন, বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও মিশন বিভাগের পরিচালক সাহাদত হোসেন।