ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলামকে অনুসরণ করতে পারলে দেশে কোনো হানাহানি ও সন্ত্রাস থাকবে না। ইসলামে অসত্য, অন্যায় ও সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম ন্যায় ও শান্তির ধর্ম। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত) দাওরায়ে হাদিসের খতমে বুখারি ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আহমদ শফী বলেন, আল্লাহর ভয় মানুষের অন্তরে না থাকায় সমাজে অপরাধপ্রবণতা বেড়ে চলেছে। মনে ভয় থাকলে শরিয়তের হুকুম লঙ্ঘন করা ও হারাম পথে চলা কিছুতেই সম্ভব নয়।
মোনাজাতের আগে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি জসীম উদ্দীন, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ। মোনাজাতে দাওরায়ে হাদিস বিভাগের ২ হাজার ৬০০ ছাত্র, ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।