প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের অপব্যাখ্যা করে ধর্ম ব্যবসায়ীরা যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী ইমামদের উদ্দেশে বলেন, ‘মানুষ আপনাদের কাছে কোরআন-হাদিসের ব্যাখ্যা জানতে চায়। এ জন্য ইসলামের অপব্যাখ্যাকারী ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’ইসলামকে শান্তি ও সম্প্রীতির ধর্ম হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইসলামে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের কোনো স্থান নেই। ইসলাম কোনো ধরনের জঙ্গিবাদ, মানুষ হত্যা ও আত্মহত্যা অনুমোদন করে না। এসব কর্মকাণ্ড ইসলামধর্মে পাপ হিসেবে বিবেচিত।প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসলাম জঙ্গি কর্মকাণ্ড সমর্থন না করলেও ইসলামের নামেই তা পরিচালিত হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী এই শান্তির ধর্মের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, জঙ্গিদের কোনো পরিচয় নেই, কোনো ধর্ম নেই। সন্ত্রাসীরা বিশ্বের যেখানেই থাকুক, তারা সন্ত্রাসী। তারা মানবজাতির শত্রু। স্বাধীনতাবিরোধী শক্তি যারা ১৯৭১ সালে স্বাধীনতাপ্রিয় মানুষকে হত্যা করেছে এবং মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে, তারাই দেশে জঙ্গি ও সন্ত্রাসীর সৃষ্টি করছে।১৯৭১ সালে আমাদের বিজয় যারা মেনে নিতে পারেনি, তাদের মুখোশ উন্মোচন এবং মানবতাবিরোধী অপরাধকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে তিনি ইমামদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী দেশে ইসলামি মূল্যবোধের প্রচার ও প্রসারে তাঁর সরকারের ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের জন্য জমি বরাদ্দ, ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন, হজ ক্যাম্প স্থাপন, ১০০ মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষা কোর্স চালু, মাদ্রাসা শিক্ষা সময়োপযোগী করা, জাতীয় হজনীতি-২০১০ ঘোষণা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের কথা উল্লেখ করেন।শেখ হাসিনা বলেন, ধর্মপ্রাণ মুসলমানেরা যেন বিশ্ব ইজতেমার স্থানে সারা বছর নামাজ আদায় করতে পারেন, এ লক্ষ্যে তাঁর সরকার সেখানে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিশ্বব্যাপী মুসলমানেরা কম্পিউটারের মাধ্যমে যাতে পবিত্র কোরআন পড়তে পারেন, এ জন্য তিনি বাংলাসহ পবিত্র কোরআনের তরজমা ও ব্যাখ্যা ওয়েবসাইটে দেওয়ার ব্যবস্থা করতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।অন্যান্যের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহজাহান মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি কারেল ডি রঈ অনুষ্ঠানে বক্তৃতা করেন।সম্মেলনে সারা দেশের আড়াই হাজার ইমাম অংশ নেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।