ইসলামের অবমাননা বন্ধ করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী। তিনি বলেন, আল্লাহ, রাসুল (সাা.), ইসলাম ও পবিত্র কোরআনের বিরুদ্ধে অবমাননাকর বক্তৃতা-বিবৃতি ও কার্যকলাপ যে হারে দেশে চালু হয়েছে, তা অনতিবিলম্বে বন্ধ করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লামা শফী এ আশঙ্কা প্রকাশ করেন। ধেয়ে আসা ঘূর্ণিঝড়সহ সকল প্রকার দুর্যোগ ও গজব থেকে দেশবাসীর জান-মালের হেফাজত কামনা করে এই বিশেষ মোনাজাত করা হয়। আসরের নামাজের পর দোয়া ও মোনাজাতে মাদ্রাসার কয়েক হাজার ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন।
মোনাজাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, জনসাধারণ ও মুসলমানদের জানমালের নিরাপত্তা, দেশের শান্তি-শৃঙ্খলা, আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম অবমাননাকারীদের বিচার, ইসলামের বিরুদ্ধে কুৎসা বন্ধে আল্লাহর গায়েবি মদদ, দেশে সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
আল্লামা শফী বলেন, বর্তমানে দেশে অনেক মানুষ নানা দুর্যোগ ও অভাবে নিপতিত। অনেক মানুষ খেয়ে না খেয়ে জীবন ধারণ করছেন। হাজারো সমস্যায় দেশ জর্জরিত। এ জাতির ওপর নতুন কোনো দুর্যোগ না দিতে আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
এর আগে সকালে ফেনী জেলার শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধিদল আল্লামা শফীর সঙ্গে দেখা করে বর্তমান পরিস্থিতিতে আলেমদের করণীয় সম্পর্কেও তাঁর পরামর্শ চান।