ইসলামের খেদমত করতে আবার ক্ষমতা চান এরশাদ
ইসলামের খেদমত করতে আরেকবার ক্ষমতায় যাওয়ার সুযোগ চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকতে ইসলামের খেদমত করেছি। আরও খেদমত করতে চাই। কিন্তু ক্ষমতায় না গেলে ইসলামের খেদমত করা যায় না।’গতকাল বৃহস্পতিবার ঢাকায় কওমি মাদ্রাসার ৩৪তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এরশাদ এই আকাঙ্ক্ষার কথা বলেন।বাংলাদেশসহ বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে মন্তব্য করে এরশাদ বলেন, সাহস করে এর প্রতিবাদ করতে হবে। জিহাদি মনোভাব সৃষ্টি করতে হবে। জিহাদ আর সন্ত্রাস এক নয়। জিহাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ইসলামে সন্ত্রাস নেই। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, কোরআন-হাদিসের রাস্তা থেকে সরে আসায় সমাজে বিশৃঙ্খলা, অনাচার ও ব্যভিচার বিস্তার লাভ করেছে। মানুষের মাঝে আল্লাহর ভয় সৃৃষ্টি করা গেলে মানুষের পরিবর্তন হবে।ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন কলি পরিষদ। আয়োজক সংগঠনের সভাপতি আহসান শরিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আবদুল জব্বার, আবদুস সামাদ প্রমুখ।