হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, ‘যেভাবে সারা দেশের মানুষ আল্লাহর দ্বীনের ইজ্জত রক্ষার জন্য ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন, আঘাত পেয়েছেন, আল্লাহতায়ালা নিশ্চয় দেখেছেন। ইসলাম ও দেশ রক্ষায় আলেম-ওলামাদের এই রক্ত ও ত্যাগ কখনো বৃথা যাবে না।’গতকাল শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার দাওরায়ে হাদিস (স্নাতকোত্তর) সমাপনী বর্ষের বুখারি শরিফের শেষ ক্লাসের পর দ্বীনি সমাবেশে মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফী এ কথা বলেন। সদ্য পাস করা তরুণ আলেমদের উদ্দেশ করে আহমদ শফী বলেন, ‘ইমান-আকিদা ও ইসলামের জন্য যেকোনো পদক্ষেপ যেন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হয়, সেদিকে নজর রাখবেন। কারণ, মুসলমানরা সুশৃঙ্খল জাতি। ইসলামে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের কোনো স্থান নেই।’বেলা ১১টা থেকে শুরু হয়ে আসরের নামাজ পর্যন্ত অনুষ্ঠিত দ্বীনি সমাবেশে দাওরায়ে হাদিসের সমাপনী দরস সম্পন্ন হয়। এতে আরও বক্তব্য দেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শামসুল আলম, জসীম উদ্দীন, ফোরকান আহমদ প্রমুখ। দাওরায়ে হাদিস বিদায়ী ক্লাসের ছাত্রদের পক্ষে বক্তব্য দেন তরুণ আলেম মুহাম্মদ রহমত উল্লাহ।দরস শেষে শাহ আহমদ শফী বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা জুনায়েদ বাবুনগরীর সুস্থতা কামনা করেন। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ এবং বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।