
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলামকে ব্যবহার করে কেউ যেন অপরাধ ও জঙ্গিবাদ এবং কুৎসা রটনা না করতে পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় খতিব সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আলেমদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা দয়া করে দেখবেন, কেউ যেন ধর্মের নামে কোনো অপরাধ সংঘটন করতে না পারে; কোনো কুৎসা রটনা করতে না পারে।’ তিনি বলেন, ‘ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। যারা ইসলামের নাম ভাঙিয়ে একে হেয়প্রতিপন্নের চেষ্টা করে, তারা ইসলামে বিশ্বাস করে না।’ ধর্ম নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না করা হয়, সেদিকে লক্ষ রাখার জন্যও আলেম সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আলেমদের উদ্দেশে আরও বলেন, ‘আমার কষ্ট হয়, কখনো কখনো জঙ্গিবাদ নাম নিয়ে ইসলাম ও জঙ্গিবাদকে এক করে ফেলা হয়। মুষ্টিমেয় লোকদের জন্য আমাদের এত বড় দুর্নাম বয়ে বেড়াতে হয়। কাজেই ইসলামে যে জঙ্গিবাদের স্থান নেই, সন্ত্রাসবাদের স্থান নেই; ইসলাম যে পবিত্র ধর্ম, শান্তির ধর্ম—এ বিশ্বাস মানুষের মধ্যে আনার ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি।’
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ইসলামিক ফাউন্ডেশনের ৪৩টি জেলা কার্যালয় ও এর জনশক্তিকে রাজস্ব খাতে স্থানান্তর করেছে। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধি ও সম্প্রসারণ করেছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গ্রহণ করেছে। দেশব্যাপী ইসলামি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে যদি শান্তিপূর্ণ পরিবেশ থাকে তবে আর কোনো মানুষ গরিব থাকবে না; কেউ না খেয়ে কষ্ট পাবে না; কেউ গৃহহারা থাকবে না।
অনুষ্ঠানে দেশব্যাপী একযোগে পবিত্র কোরআন শরিফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করেন। সারা দেশের ইউনিয়ন পর্যায়ে এদিন ৪ লাখ ৪৩ হাজার ৭৭০টি কোরআন শরিফ বিতরণ করা হয়।
ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, জাতীয় খতিব কাউন্সিলের আহ্বায়ক জালালুদ্দিন আল-ক্বাদরী প্রমুখ উপস্থিত ছিলেন।