ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করেএমন কাজ থেকে বিরত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মাধ্যমে যাঁরা ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাঁদের এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ইসলামকে শান্তির ও বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হিসেবে অভিহিত করে এ আশাবাদ ব্যক্ত করেন যে ইসলামের প্রচারে সবাই এগিয়ে আসবেন। শান্তির ধর্ম হিসেবে ইসলাম বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত থাকবে। খবর বাসস ও ইউএনবির।

প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার সকালে উত্তরার আশকোনায় হজক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি খুব কষ্ট পাই, যখন দেখি যে ইসলামের নামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সৃষ্টি করে বিশ্বের শ্রেষ্ঠ এই ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। আমি আশা করি, এ তত্পরতার সঙ্গে জড়িতরা এ ধরনের অপরাধ করবেন না।’

ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান ও সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-নাসের আবদুল্লাহ আল-বুশাইরি বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে সর্বপ্রথম আধুনিক তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে বর্তমান সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় পবিত্র কোরআন শরিফের প্রচার ও প্রসারের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে বাংলাদেশে এবং বিদেশে বসবাসরত বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী পবিত্র কোরআন সম্পর্কে অবগত হচ্ছে এবং সহজেই কোরআনের সরল ও সঠিক তরজমা শুনতে, পড়তে ও বুঝতে পারছে।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর পরই ৬৪৩ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে বন্ধ হয়ে যাওয়া মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পুনরায় চালু করা হয়। তিনি বলেন, সৌদি হজ মন্ত্রণালয় ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত এই চার বছরে হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

অনুষ্ঠানে হজযাত্রীদের শান্তিপূর্ণভাবে হজব্রত পালন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। আজ শনিবার বাংলাদেশের প্রথম হজফ্লাইট শুরু হবে।