ইসলামের শিক্ষা কী তা জানতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের প্রচার ও সম্প্রসারণ এবং ইসলামের পবিত্রতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মের পবিত্রতা রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণকে ইসলামের মূল বার্তা ও শিক্ষা কী, তা জানতে হবে।’ খবর বাসসের।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিনের একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
জমিয়াতুল মোদাররেসিনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাব্বির আহমেদ মোমতাজির নেতৃত্বে প্রতিনিধিদল গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে ইসলামি এরাবিক ইউনিভার্সিটি বিল, ২০১৩ পাস করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।