ইসি একান্ত ভৃত্যে পরিণত হয়েছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনকে ‘অবৈধ’ সরকারের অভিন্ন ‘ঝাঁকের কই’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, কমিশন সংবিধানসম্মত স্বাধীন সত্তাকে অগ্রাহ্য করে নির্বাহী বিভাগের হুকুমের একান্ত ভৃত্যে পরিণত হয়েছে। তারা উপজেলা পরিষদ নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের জয়ী করতে কাজ করছে।

আজ শুক্রবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ দাবি করেন।

চতুর্থ ধাপে আগামী রোববার সারা দেশে ৯২টি উপজেলায় নির্বাচন হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে গত দুদিনে দলের মাঠ পর্যায়ের ১০ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, তৃতীয় ধাপের সহিংসতায় উত্সাহী হয়ে আওয়ামী লীগের ক্যাডাররা চতুর্থ ধাপের নির্বাচনে শক্তির মহড়া দিচ্ছে। এতে ভোটাররা  ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ছেন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে গণতন্ত্র ও ভোটাধিকারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার।

রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে’ বলে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেন তা-ই হয়, তবে তা উল্টোভাবে। তিনি নিরস্ত্রদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছেন, অস্ত্রধারীদের নয়।’

তিনজনকে প্রার্থী ঘোষণা ও ১০ জনকে বহিষ্কার: টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম তালুকদার, হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শেখ বশির আহম্মেদ ও ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. মুশফিকুর রহমানকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বার্থবিরোধী তত্পরতায় লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে বহিষ্কার ও রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।

যাঁরা বহিষ্কৃত হলেন: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের, কালীহাতি উপজেলা বিএনপির সহ-সভাপতি শুকুর মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা সানোয়ার হোসেন, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, গাজীপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. আবদুল লতিফ, লালমনিরহাট জেলার সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন, সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা বিএনপির নেতা কামরুজ্জামান, ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির নেতা আলমগীর হোসেন চৌধুরী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা মহিলা দলের নেতা ফারহানা আক্তার।