ইসি এখনো সবার সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অভিযোগ করেছে, নির্বাচন কমিশন (ইসি) বিরোধী দল-সমর্থিত প্রার্থীদের জন্য এখনো সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জর্জরিত থাকায় তাঁরা প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় আসতে পারছেন না। এমনকি নির্বাচনী প্রচারে বিরোধী দল-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন।
আসাদুজ্জামান বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, নির্বাচন কমিশন প্রার্থী-ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের ডাকা মতবিনিময় সভাটিও তিনি সুষ্ঠুভাবে করতে সক্ষম হননি। তাঁর কথা না শুনেই অধিকাংশ মেয়র প্রার্থী সভাস্থল ত্যাগ করেছেন। এর অর্থ দাঁড়ায়, নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় পৌঁছেছে।
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশা করব, সরকার ও নির্বাচন কমিশন সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার পরিবেশ তৈরিতে সহায়তা করে বিরোধী দলের আস্থা সৃষ্টি করতে আন্তরিক হবেন, যা নিকট ভবিষ্যতে সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক সমস্যা ও বিরোধ মীমাংসার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার প্রেক্ষাপট তৈরি করবে।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরস্পর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই, অতীতের কাদা ছোড়াছুড়ি ও হিংসা-বিদ্বেষের রাজনীতি পরিহার করার ক্ষেত্রে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় স্বার্থে একটি কার্যকর সমঝোতার নতুন পথেরও শুভ সূচনা হবে।’