ইসি ও পিএসসির মধ্যে বৈষম্য নিরসনে উদ্যোগ নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশের দুটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মধ্যে বৈষম্য নিরসনের উদ্যোগ নেবে সরকার। রাজধানীর আগারগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার পিএসসি ভবনে ‘উন্নয়ন ভাবনা ও জনপ্রশাসনে নিয়োগ’ বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এ আশ্বাস দেন।
জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের কমিশনার ও পিএসসির সদস্যদের মধ্যে বৈষম্যের কথা এই প্রথম শুনলাম। দেশের দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে এই বৈষম্য থাকা ঠিক না। অচিরেই আমাদের মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাব তৈরি করবে।’ তিনি বলেন, ‘দুই কমিশনের মর্যাদা ও দায়িত্ব এক করার জন্য কয়েক দিনের মধ্যে আমরা কাজ শুরু করব। এরপর বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে বিষয়টি সংশোধনের জন্য সংসদে তোলা হবে।’
মন্ত্রী মেধা ও যোগ্যতার ভিত্তিতে জনপ্রশাসনের কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেন। এ ছাড়া প্রতিবন্ধীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্য আবদুর রহমান, খোরশেদ আরা হক, মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।