আগামীকাল রোববার অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে আগের চেয়ে বেশি সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। কারণ, এ ধাপে ভোট গ্রহণের কয়েক দিন আগে থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, সহিংসতা শুরু হয়ে গেছে।
নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সহিংসতা নিয়ন্ত্রণে কমিশন যেমন নিষ্ক্রিয়, তেমনি নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। তৃতীয় ধাপে ব্যাপক সহিংসতার পরও তা প্রতিরোধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়নি।
প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনার আবু হাফিজ গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, উপজেলা নির্দলীয় নির্বাচন। কিন্তু এতে দলীয় আবহ এসে গেছে। দলগুলো থেকে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে, যে কারণে প্রার্থী ও কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, সহিংসতা যাতে না ঘটে, সে জন্য কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে নির্দেশ দিয়েছে। এ বিষয়ে আজ পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে কথা বলা হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতকে আরও জোরালো ভূমিকা পালন করতে বলা হয়েছে।
কিন্তু আগের তিন ধাপে দেখা গেছে, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতি রোধে নির্বাচনে দায়িত্ব পালনকারী পুরো প্রশাসনই কার্যত নিষ্ক্রিয় ছিল। এ কারণে এই ধাপে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হতে পারে—প্রার্থী-সমর্থক-ভোটাররা এমন আশঙ্কা করছেন বলে প্রথম আলোর জেলা প্রতিনিধিরা জানিয়েছেন।
আগামীকাল দেশের ৪৩ জেলার ৯১টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট এক হাজার ১৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৮৯ জন, ভাইস চেয়ারম্যান ৪৮৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩১২ জন।
৯১ উপজেলার এক কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২৭৮ জন ভোটারের মধ্যে পুরুষ ৬৯ লাখ সাত হাজার ৯৫৬ এবং নারী ৬৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। মোট ভোটকেন্দ্র পাঁচ হাজার ৮৮২টি।
দেশে মোট উপজেলা ৪৮৭টি। তিন ধাপে ২৯৫টি উপজেলায় নির্বাচন হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জিতেছেন ১২৩টি উপজেলায়, আওয়ামী লীগ পেয়েছে ১১৭টি। অন্য দল, বিদ্রোহী প্রার্থী ও নির্দলীয় ব্যক্তিরা ৫২ উপজেলায় জয়ী হয়েছেন। স্থগিত আছে মাগুরার শ্রীপুর, চাঁদপুরের হাজীগঞ্জ ও বরিশালের হিজলা উপজেলার কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ। ভাইস চেয়ারম্যান পদ নির্ধারণের জন্যও কয়েকটি উপজেলার স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে।
এ ছাড়া সীমানা জটিলতা ও আদালতের নিষেধাজ্ঞার কারণে ২১টি উপজেলায় নির্বাচন হচ্ছে না।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, যেহেতু এবার ছয় ধাপে নির্বাচন হচ্ছে, তাই প্রতি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়ানো যেত। কিন্তু তা করা হয়নি। বর্তমানে সাধারণ কেন্দ্রে দুজন পুলিশসহ আনসার-ভিডিপি মিলিয়ে ১৫ সদস্য, গুরুত্বপূর্ণ কেন্দ্রে (ঝুঁকিপূর্ণ) তিনজন পুলিশসহ ১৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন। ভোট জালিয়াতি রোধে এসব সদস্যও অনেক ক্ষেত্রে সক্রিয় কোনো ভূমিকা রাখেননি।
তবে কমিশনার আবু হাফিজের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তার জন্য নির্বাচনী দায়িত্বে অতিরিক্ত পুলিশ ব্যবহার করা যায়নি।
প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনী, র্যাব-বিজিবি দায়িত্ব পালন করলেও গত তিন ধাপে তাদের টহলেই সীমাবদ্ধ দেখা গেছে। উপজেলা পরিষদ আইন সংশোধন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকা থেকে সশস্ত্র বাহিনীর নাম ছেঁটে ফেলায় টহলের বাইরে তাদের এখতিয়ারও সীমিত হয়ে গেছে।
প্রথম ধাপের নির্বাচন মোটামুটি সুষ্ঠু হলেও দ্বিতীয় ধাপের সহিংসতায় একজনের প্রাণহানি ঘটে। তৃতীয় ধাপে সহিংসতার মাত্রা কয়েক গুণ বেড়ে যায় এবং তিনজনের প্রাণহানি ঘটে। নির্বাচন কমিশন প্রথম ধাপে ১০টি, দ্বিতীয় ধাপে ৩৪ এবং চতুর্থ ধাপে ২৬ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত এবং কিছু লোককে তাৎক্ষণিক শাস্তি দেয়।
প্রথম তিন ধাপে ভোটের দিন সহিংসতা হলেও চতুর্থ ধাপে এসে কয়েক দিন আগে থেকেই সহিংসতা শুরু হয়েছে। প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচনী সহিংতায় আতিয়ার রহমান নামের বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফিরোজ আল মামুনের সমর্থকেরা বৈরাগীর চরে বিএনপির কার্যালয়ে হামলা চালালে এ ঘটনা ঘটে।
প্রথম আলোর প্রতিনিধিরা আরও জানান, গত মঙ্গল ও বুধবার পিরোজপুরের মঠবাড়িয়া, বাগেরহাটের চিতলমারী ও ঝালকাঠির রাজাপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৫ জন আহত হয়েছেন এবং ১২টি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
ফেনী থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গতকাল নির্বাচনী প্রচারণার শেষ দিনে জেলার ফুলগাজীর বদরপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি দোকান ভাঙচুর ও তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জেলার সোনাগাজীতে সংঘর্ষের ঘটনা না ঘটলেও আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রতিনিধি জানিয়েছেন, পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গতকাল দুপুরে আওয়ামী লীগের প্রার্থী ও একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় ১০ জন আহত হয়েছেন।
দেশের অন্যান্য জেলার নির্বাচনসংশ্লিষ্ট উপজেলায়ও নির্বাচনকে কেন্দ্র করে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রতিনিধিরা জানিয়েছেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান গতকাল এ প্রসঙ্গে বিসিসিকে বলেছেন, নির্বাচনে কমিশন কাঙ্ক্ষিত ভূমিকা পালন করেনি। কমিশন সহিংসতাকে মেনে নেওয়ার মনোভাব দেখিয়েছে।
গত তিন ধাপের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, প্রথম ধাপে নির্বাচন মোটামুটি সুষ্ঠুই ছিল। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগ-সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে কিছু কিছু জায়গায় সংঘর্ষ-সহিংসতা হয়েছিল। একই ঘটনা ঘটেছে বিএনপির বেলায়ও। কিন্তু তৃতীয় ধাপে এর বাইরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ, সহিংসতার ঘটনা ঘটে।
এবারের ৯১টি উপজেলার মধ্যে নির্বাচন কমিশন থেকে পাওয়া ৮৮টি উপজেলার প্রার্থী তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ৪৮ উপজেলায় আওয়ামী লীগের এবং ৪৫ উপজেলায় বিএনপির একক প্রার্থী রয়েছেন। বাকি ৪০টি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৫৯ জন। আর ৪১ উপজেলায় বিএনপির বিদ্রোহী ৫৫ জন।