ইসি কর্মকর্তাদের বদলিতে বিস্মিত কমিশনার মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটিকে না জানিয়ে ৩৩ জন মাঠ কর্মকর্তার রদবদলে বিস্ময় প্রকাশ করে ইসি সচিবের কাছে ‘আনঅফিশিয়াল নোট বা ইউএন’ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
মাহবুব তালুকদার ইসি সচিব মোহাম্মাদ আবদুল্লাহকে লিখেছেন, বিষয়টি তাঁকে কিছুটা বিস্মিত করেছে। কারণ, কোনো পর্যায়েই তাঁকে এ ব্যাপারে কোনো কিছু অবহিত করা হয়নি। একই সঙ্গে তিনি সচিবের কাছে জানতে চেয়েছেন, ইসি সচিবালয়ের কর্মকর্তাদের রদবদলের বিষয়টি তাঁর কার্যপরিধির আওতায় পড়ে কি না।
এই নির্বাচন কমিশনার আরও চানতে চান বদলির বিষয়টি কমিটির সভায় আলোচিত হওয়া উচিত ছিল কি না, কমিটিকে অবহিত করা না হলে কমিটির আবশ্যকতা থাকে বলে প্রতীয়মান হয় কি না এবং কোন নিয়মনীতি অনুসরণ করে এই বদলি করা হয়েছে? চিঠিতে তিনি বদলিসংক্রান্ত নির্দেশ, আদেশ ও অন্যান্য নথিপত্র তাঁকে দেওয়ার পরামর্শ দেন।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, মাহবুব তালুকদারের ‘আনঅফিশিয়াল নোট’ পেয়ে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ ও অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান গত বুধবার তাঁর সঙ্গে কথা বলেছেন।
মোখলেসুর রহমান বিষয়টিকে ভুল-বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আশা করি এ নিয়ে আর কোনো ভুল-বোঝাবুঝি থাকবে না।’
ইসি সচিবালয় আইন অনুযায়ী প্রশাসনিক বদলির বিষয়টি নির্বাচন কমিশনারের কার্যপরিধির আওতায় পড়ে না। তবে ইসির একজন কর্মকর্তা বলেছেন, বদলির আগে ইসির কমিটির মাধ্যমে সুপারিশ করানো যেত।
জানতে চাইলে মাহবুব তালুকদার এ বিষয়ে মন্তব্য করতে চাননি।