ইসি কর্মচারীকে হত্যা
রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত থেকে গত রোববার রাতে নির্বাচন কমিশনের কর্মচারী মিজানুর রহমানের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নির্বাচন কমিশনের এমএলএসএস। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
রমনা থানার পুলিশ জানায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে সেগুনবাগিচায় এনএসআই কার্যালয়সংলগ্ন গলির দক্ষিণ পাশের ফুটপাতে মিজানুরের লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তখন তাঁর পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার স্বজনেরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। তাঁর থুতনিতে জখম ও গলায় কালো দাগ দেখে পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, হত্যার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু হয়েছে।
নিহত মিজানুরের ভাই মাকছুদুর রহমান জানান, মিজানুর সূত্রাপুর থানা নির্বাচন কার্যালয়ে এমএলএসএস (পিয়ন) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কার্যালয় ছিল পশ্চিম আগারগাঁওয়ে।