ইসি কারও সঙ্গে আপস করবে না: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি মঙ্গলবার ময়মনসিংহে উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়া এলাকায় কয়েকজন নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন। ছবি: কামরান পারভেজ
সারা দেশের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি মঙ্গলবার ময়মনসিংহে উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়া এলাকায় কয়েকজন নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন। ছবি: কামরান পারভেজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচন কমিশন কারও সঙ্গে আপস করবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রাখার জন্য শপথ নিয়ে আমরা নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নিয়েছি। দেশে যত নির্বাচন হবে, সব নির্বাচন সুষ্ঠু করা আমাদের দায়িত্ব।’

মঙ্গলবার সারা দেশের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি কে এম নুরুল হুদা এসব কথা বলেন।

ময়মনসিংহ শহরের তারেক স্মৃতি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ-২০১৭ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘গণতন্ত্রের মূলভিত্তি হলো সুষ্ঠু নির্বাচন। আর সুষ্ঠু নির্বাচনের শর্ত সঠিক ভোটার তালিকা। আমরা সে কাজটি সঠিকভাবে করতে চাই।’ পঞ্চমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ময়মনসিংহ থেকে উদ্বোধন করা হয়েছে। এ কাজে যাঁরা যুক্ত থাকবেন, তাঁদের ঘরে বসে তথ্য সংগ্রহ না করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে বলেন কে এম নুরুল হুদা। তিনি আরও বলেন, ‘আমরা সারা দেশে স্মার্ট কার্ড দেব। আমাদের এই স্মার্ট কার্ড খুব উন্নত ধরনের; যা অনেক উন্নত দেশে এখনো নেই।’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘মানি পাওয়ার ও মাসল পাওয়ার (টাকা ও পেশিশক্তি) অনেক সময় সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করে। আমরা চাই, এই দুটি শক্তি যেন নির্বাচনকে প্রভাবিত না করে।’ তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য রাজনৈতিক দলগুলোর ও সরকারের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতি মো. মোখলেসুর রহমান বলেন, ‘৩৫ লাখ নতুন ভোটার সংযোজিত হতে পারে—এমন লক্ষ্যে আমরা মাঠে নেমেছি।’

সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশন ময়মনসিংহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়া এলাকার একটি বাড়িতে গিয়ে কয়েকজন নতুন ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করেন। এ সময় অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক উপস্থিত ছিলেন।