ইসি গঠন নিয়ে সার্চ কমিটি নিরপেক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছেন, তা নিরপেক্ষ। যাঁরা সার্চ কমিটির সমালোচনা করেন, তাঁদের দলীয়করণের অভ্যাস রয়েছে। সমালোচকেরা ইয়াজউদ্দিন সাহেবের মতো লোকদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন।’
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার দুপুরে কসবা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
সার্চ কমিটি নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সার্চ কমিটির লোকজন অত্যন্ত শিক্ষিত। তাঁরা নিরপেক্ষতার সঙ্গে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছেন। বিএনপিকে এসব বিষয়ে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়ে আনিসুল হক আরও বলেন, সার্চ কমিটি নিয়ে সমালোচনাকারীদের অতীত ইতিহাস জানা দরকার।
কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খানের সভাপতিত্বে ও নেপাল চন্দ্র সাহার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সাবেক সচিব মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম প্রমুখ।
বিকেলে আইনমন্ত্রী উপজেলার বায়েকের আব্দুর জব্বার হাফিজিয়া মাদ্রাসা মাঠে কসবা ইউএস সোসাইটি আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দেন। এ সময় আনিসুল হক সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমেরিকাই লাদেনকে বানিয়েছে। কিন্তু পরে তাদের কথা না শোনায় আবার জঙ্গি বলে মেরে ফেলেছে।’
জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী স্থানীয় সংগঠন ইউএস সোসাইটির সভাপতি মো. সেন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।