ইসি গঠনে আইন প্রণয়ন কেন নয় জানতে রুল
সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠনে আইন বা বিধান প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার এ রুল দেন। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সংবিধান অনুসারে ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে ১১ জানুয়ারি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। গতকাল আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে ইসি গঠন হবে আইন সাপেক্ষে। কিন্তু ৪৫ বছর পেরিয়ে গেলেও ওই আইন হয়নি। এ কারণে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিটটি করা হলে আদালত ওই এই রুল দেন।
সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে একটি নির্বাচন কমিশন থাকবে এবং এ বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলি সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেবেন।