ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট
নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। আগামী রোববার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
পরে ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে ইসি গঠন ও দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান ও আইনের অধীনে পরিচালিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আইন হয়নি। প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য দেশে ইসি গঠনে আইন আছে। বর্তমানে রাষ্ট্রপতি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ দেন। এটি সংবিধানের প্রস্তাবনা ও ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক—এসব যুক্তিতে রিটটি করা হয়।
রিটে সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে আইন সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের নির্দেশনা কেন দেওয়া হবে না, মর্মে রুল চাওয়া হয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে।