ইসি গঠনে স্বচ্ছতা নিশ্চিতের দাবি টিআইবি সদস্যদের
অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করে দক্ষ, নিরপেক্ষ ও দৃঢ়চেতা ব্যক্তিদের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদস্যরা। আজ মঙ্গলবার টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সদস্যদের এক সভায় তাঁরা এ দাবি জানান।
টিআইবি সদস্যদের নিয়মিত ‘মেম্বারস ডে’ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সদস্যরা ইসি গঠনের জন্য কর্মরত ‘অনুসন্ধান কমিটি’র নেওয়া উদ্যোগ বিশেষ করে, অংশীজনকে সম্পৃক্ত করার প্রয়াসে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা কমিশন গঠনে স্বচ্ছতা নিশ্চিতে কমিটি প্রস্তাবিত তালিকা জনসম্মুখে প্রকাশের আহ্বান জানান।
সরকার প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্তর্ভুক্ত অন্যতম প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কার্যকরতার ওপর দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে অগ্রগতি নির্ভরশীল বলে মন্তব্য করেন টিআইবি সদস্যরা। সভায় সদস্যরা আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিয়োগ প্রদানের সুস্পষ্ট সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার পরেও এ সংক্রান্ত কোনো আইন এখনো প্রণীত না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে ইতিমধ্যে দৃশ্যমান জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে তারা অনতিবিলম্বে সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করে নির্বাচন কমিশনে নিয়োগ পদ্ধতি সম্পর্কিত আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
টিআইবির সঙ্গে স্বেচ্ছাসেবার ভিত্তিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন স্তরের পেশাজীবী ৩৫ জন সদস্য এ সভায় অংশ নেন।