ইসি গঠনের আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সুপারিশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত সংলাপে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে দল দুটি এ সুপারিশ করে।প্রথমে বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সংলাপে খেলাফত আন্দোলনের প্রতিনিধিদল অংশ নেয়। সংলাপ শেষে দলের মহাসচিব জাফরুল্লাহ খান সাংবাদিকদের বলেন, সংলাপে ইসি গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সুপারিশ করেছেন তাঁরা। কারণ, দেশের রাজনৈতিক বাস্তবতায় তত্ত্বাবধায়ক-ব্যবস্থা ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বিশিষ্ট ব্যক্তিদের একটি নামের তালিকা তাঁরা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন। সিইসি হিসেবে তাঁরা সাবেক বিমানবাহিনীর প্রধান জামাল উদ্দিন, সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ও মাহমুদুল আমিন চৌধুরীর নাম প্রস্তাব করেছেন।গতকাল দুপুরে খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়। সংলাপ শেষে দলের আমির হাবিবুর রহমান বলেন, বিদ্যমান পরিস্থিতিতে ইসি গঠনের চেয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহাল জরুরি বিষয়। দুপুরের পর গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নূরুল ইসলামের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। সংলাপ শেষে দলের মহাসচিব মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, তাঁরা রাষ্ট্রপতির কাছে বর্তমান ইসির মেয়াদ বাড়িয়ে সরকারি ও বিরোধী দলের পছন্দসই দুজন নির্বাচন কমিশনার নিয়ে নতুন করে কমিশন গঠনের সুপারিশ করেছেন।