ইসি চাইলেও মে মাসে সিটি নির্বাচন হচ্ছে না
নির্বাচন কমিশন (ইসি) মে মাসের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করার আগ্রহ দেখালেও ওই সময়ে নির্বাচন হচ্ছে না। সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতা, প্রচণ্ড গরম ও বর্ষা মৌসুম বলে সরকার এ সময়ে নির্বাচন করতে চাইছে না। আগামী নভেম্বর-ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করার ব্যাপারে সরকার নীতিগত অবস্থান নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।সূত্র জানায়, নির্বাচন কমিশন গত বুধবার মে মাসের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করার কথা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এখনো নির্বাচন কমিশনের চিঠি পাননি বলে গতকাল বৃহস্পতিবার জানান।প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা গত রোববার এক অনুষ্ঠানে বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা হাতে পেলে ১৮ এপ্রিলের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো বিধিমালা নির্বাচন কমিশনকে দেয়নি।প্রসঙ্গত, ২০০২ সালে সর্বশেষ ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হয়। পাঁচ বছর মেয়াদি কমিশনের মেয়াদ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে চলতি বছরের ৯ মে। সূত্রমতে, সরকার চাইছে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন একসঙ্গেই শেষ করতে।